ঘোষণা ছাড়াই সম্প্রতি খুব নীরবে বিদেশে পাড়ি জমিয়েছেন বলিউড তারকা মাধুরী দিক্ষিত। হঠাৎ তার বিদেশ যাত্রার কারণ কী?
কোন দেশেই গেলেন তিনি? এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
তবে এবার মাধুরীর ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে বিনোদনমূলক সংবাদমাধ্যম স্পটবয়ই জানাচ্ছে, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন মাধুরী। ঘাড়ে অসহ্যরকমের ব্যথা হওয়ায় যুক্তরাষ্ট্রে এর চিকিৎসা করাচ্ছেন তিনি।
সূত্রের বরাত দিয়ে স্পটবয়ই-এর খবরে আরও বলা হয়, ‘ড্যান্স রিয়েলিটি শো ঝলক দিখলা জা’-এর গত কিস্তিতে বিচারক হিসেবে কাজ করার সময়ও ঘাড়ে সমস্যার কারণে বিরতি নিয়েছিলেন মাধুরী। কয়েকটি পর্বে হাজির হতে পারেননি তিনি।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রে ভালোভাবেই মাধুরীর চিকিৎসা শুরু হয়েছে। তাছাড়া বিয়ের পর প্রায় দশ বছর ডেনভারে ছিলেন এ বলিউড তারকা। স্বামীও চিকিৎসক। সেকারণে যুক্তরাষ্ট্রে এ দম্পতির জানাশোনা রয়েছে এমন অনেক চিকিৎসকই থাকার কথা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মাধুরীর যত্ন-আত্তির কমতি হবে না বলেই মনে করা হচ্ছে।
সূত্র: স্পটবয়ই
/এফইউ/এম/