অভিনয় পটুতা দিয়ে বিপুল দর্শকপ্রিয়তা পাওয়া এ তারকা বিয়ের কিছুদিন আগে থেকে হঠাৎ করে চলচ্চিত্র জগতে আনাগোনা কমতে থাকে তার। বিয়ের পর কেবল ‘মারদানি’ ছবিটিতেই দেখা গেছে তাকে। তবে এবার রানি ভক্তদের জন্য আনন্দের খবর রয়েছে। দুই বছরের বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরছেন তাদের এ প্রিয় তারকা।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এরইমধ্যে পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য স্বাক্ষর করেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’খ্যাত তারকা। ছবিটি পরিচালনা করবেন ‘উই আর ফ্যামিলি’ ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। ছবিটির নাম এখনও ঠিক না হলেও একটি সামাজিক বার্তার ওপর ভিত্তি করে এর কাহিনি গড়ে উঠেছে। রানির স্বামী আদিত্য চোপড়া ছবিটির প্রযোজনা করবেন।
বাণিজ্যিক ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে ধীরে ধীরে তাকে গুরুগম্ভীর ভূমিকাতেও অভিনয় করতে দেখা গেছে। ভারতীয় বিমান বাহিনীর পাইলটের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় লড়াইরত পাকিস্তানি আইনজীবীর ভূমিকায় দেখা গেছে তাকে। সর্বশেষ ‘মারদানি’ ছবিতেও পুলিশ কর্মকর্তার ভূমিকায় দুর্দান্ত অভিনয় উপহার দেন রানি। এ বলিউড তারকার পরবর্তী ছবিটি ২০১৭ সালেই মুক্তি পাওয়ার কথা।
সূত্র: জি-নিউজ
/এফইউ/এম/