আজমেরী হক বাঁধন ও জান্নাতুল ফেরদৌস পিয়া। গ্ল্যামার অঙ্গনে দুজনের পথচলা লম্বা সময়ের। নানা চড়াই-উতরাই পেরিয়ে পৌঁছেছেন সাম্প্রতিক অবস্থানে। তবে এ পর্যন্ত দুজনের একসঙ্গে অভিনয় করার সুযোগ হয়নি। এবার যেটা হয়েছে ‘আমি তুমি সে’ নাটকের মাধ্যমে।
ধ্রুবনীলের চিত্রনাট্যে ‘আমি তুমি সে’ নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।
নাটকটি সম্পর্কে জানানোর জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার, অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু, ধারাবাহিকটির অভিনয়শিল্পী বাঁধন, নিলয়, পিয়াসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে আব্দুন নূর তুষার বলেন, ‘‘নাগরিক টিভি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচারে আসছে। আমাদের ধারাবাহিকগুলো একেকটি অন্যটি থেকে ভিন্নতর। ‘আমি তুমি সে’ গ্ল্যামার অঙ্গনের কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষের গল্প নিয়ে সাজানো। আশা করছি সবার ভালোই লাগবে।’’
এদিকে পিয়া বলেন, ‘আমি মূলত মডেলিং জগতের সঙ্গে সংযুক্ত। তাই নাটক কম করা হয়। তবে এই কাজটি করতে গিয়ে নিজের জীবনের অনেক ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছি। কারণ, এখানেও আমি একজন মডেল চরিত্রে কাজ করেছি। আর বাঁধন আপুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমি বেশ আশাবাদী।’
পরিচিতি অনুষ্ঠানে বাঁধন এই ধারাবাহিকের শুটিংকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘একবার কক্সবাজারে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে কাজটি করতে হয়েছে। যেটা ভাবলে এখনও অবাক লাগে। আর এই কাজটিতে মিডিয়ার অনেক কিছুই উঠে এসেছে। যার কিছু সত্যি কিছু গল্প। দর্শকরা মজা পাবেন।’
নাগরিক টিভি এখন পরীক্ষামূলক সম্প্রচারে আছে। জানা গেছে, ১ মার্চ থেকে এটি বাণিজ্যিক প্রচারে আসছে।