ঢালিউড প্রিয়দর্শিনীর ২৫ বছর

‘লিডার’ ছবির একটি দৃশ্যে মৌসুমী১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ ছবির মাধ্যমে পর্দায় আসেন তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমী।
সেই হিসাব কষলে প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমীর চলচ্চিত্র ক্যারিয়ারে আজ (২৫ মার্চ) ২৫ বছর পূর্ণ হলো।
বিষয়টি নিয়ে অভিনন্দন জানাতে মৌসুমীর সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, বাসায় আলাদাভাবে বিশেষ কোনও আয়োজন থাকছে না। তবে মৌসুমীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে কেককাটাসহ কিছু আয়োজন করা হবে।
এদিকে গতকাল মধ্যরাত থেকেই পরিবারের সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ নায়িকা।
মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বাংলা ট্রিবিউনকে জানালেন, সকালে ঘুম থেকে উঠেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে। ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাও অভিনন্দন জানিয়েছেন।  
১৯৯৩ থেকে ২০১৮-এই সময়ে মৌসুমী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। সর্বশেষ এই নায়িকার মুক্তিপ্রাপ্ত ছবি উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’। এটি চলতি বছরই মুক্তি পায়। এদিকে আগামীতে তাকে দেখা যাবে একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, রাশেদ রাহার ‘নোলক’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’সহ বেশ কয়েকটি ছবিতে।