একটা প্রেমহীন, বেদনাহীন সমাজ সে প্রতিষ্ঠা করতে চায় মনেপ্রাণে। পূর্বাপর জীবনে প্রেম প্রত্যাখ্যানের বিমর্ষতা তাকে ঘায়েল করে। তাই তার এলাকা থাকে প্রেম, অপরাধ ও নারীমুক্ত! কিন্তু রবার্ট ক্লাইভ নামের এক জাঁদরেল বাণিজ্যখোর একটা কাণ্ড করে বসে উত্তর জাদুকাটা মহল্লায়। সে কঙ্কাবতী নামে এক অপূর্ব রূপবতীকে মহল্লায় নিয়ে আসে।
তৈরি হয় উত্তর আর দক্ষিণ জাদুকাটা এলাকার মধ্যে নতুন এক গল্পের অস্থিরতা। যে গল্পটি লিখে টিভিচিত্রে রূপ দিয়েছেন ভিন্ন ভাবনার নির্মাতা মাহমুদ দিদার। ঈদের জন্য নির্মিত এই বিশেষ কাজের নাম ‘ডালিম কুমার’।
এতে সিন্ডিকেট মজনু চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর রবার্ট ক্লাইভের চরিত্রে দেখা যাবে শহিদুজ্জামান সেলিমকে। এ দুজনের মাঝের চরিত্র কঙ্কাবতীরূপে দেখা যাবে সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন মুখ কুহু নুসরাতকে।
নির্মাতা জানান, ঈদ আয়োজনের তৃতীয় দিন রাত ৯টায় নাটকটি প্রচার হবে চ্যানেল আই’র পর্দায়।