ঈদ উপলক্ষে আসছে লোকগান ‘কালা রে’। আর এটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালমা।
গানের কথা লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আর এর ভিডিওতে ফুটে উঠেছে পুরো বিষয়টি।
গান প্রসঙ্গে সালমা বলেন, ‘খুব সুন্দর একটি গান হয়েছে। এটি মানুষের অন্তরে দাগ কাটতে পারবে বলে আশা করি। মূলত এটা প্রেমের গান। পাশাপাশি জনসচেতনতামূলক ভিডিও থাকবে।’
গানটির ভিডিও নির্মাণ করেছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। সোহেল রানা বলেন, ‘নেশা ও জুয়া আমাদের দেশে ভয়াবহ সমস্যা। তার বিপরীতে আছে ভালোবাসা। ভালোবাসা দিয়েই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটির গল্পে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।’
এতে অভিনয় করেছেন জাহারা মিতু ও সবুজ আশরাফ সুপ্ত। রেইন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আগামী ১৬ আগস্ট মুক্তি পাবে।