ছবিটির নাম কিংবা নায়কের চেয়ে এর গানের কথা বললে পুরনো স্মৃতিতে ফিরতে আরও সুবিধা হবে। যেমন- বুকে আছে মন/ মনে আছে আশা/ আশা থেকে হয় বুঝি/ ভালোবাসা...। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া রোমান্টিক এই গানটি এখনও সমান জনপ্রিয়।
৩৪ বছর পর সেই ‘লড়াকু’ ছবির সূত্র এভাবে টেনে আনার মানে নিশ্চয়ই আছে। তবে ছবিটি যে রিমেক হচ্ছে, তেমন কিছু নয়। জানা গেছে, কথা-সুর ঠিক রেখে গানটিকে নতুন আবহে তৈরি করা হচ্ছে আবার।
বিষয়টি নিশ্চিত করেছে গানটির আদি প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রযোজক আনোয়ার হোসেন জানান, ৬ জানুয়ারি রাতে গানটির রেকর্ড হয়। এতে কণ্ঠ দেন বেলাল খান ও কোনাল। আর গানটির নতুন সংগীতায়োজন করছেন বলিউডে নজরকাড়া বাংলাদেশের ব্যান্ড ‘এপিরাস’-এর দুই সহোদর!
মনিরুজ্জামান মনিরের কথা এবং আলম খানের সুর হুবহু ঠিক রেখেই অ্যাপিরাস তৈরি করছে গানটি।
কাজটি প্রসঙ্গে এপিরাস ভাতৃদ্বয়ের অভিব্যক্তি এমন, ‘‘দেশীয় সংগীতের সাউন্ড এক্সপেরিয়েন্সকে আরও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। ‘বুকে আছে মন’ গানটির আসল দুইজন কণ্ঠশিল্পী এবং গীতিকার-সুরকার; প্রত্যেকেই বাংলাদেশের কিংবদন্তি। এমনিতেই পুরনো যে কোনও গান নতুনভাবে উপস্থাপন করবার সময় একটা বাড়তি চাপ কাজ করে। এসব জেনেই চ্যালেঞ্জটা নিয়েছি আমরা। পুরনোকে ঠিক রেখে নতুন কিছু করার আনন্দ পেতে চাই।’’
এদিকে গানটি গাওয়া প্রসঙ্গে কোনাল বলেন, ‘প্রথমত এটা অসম্ভব প্রিয় একটি গান। শুধু আমার না, সবারই প্রিয়। বেশ রিদমিং গান। কাজটি এবার করছে এপিরাস! আমি খুবই উচ্ছ্বসিত গানটি গাইতে পেরে। অনুপম রেকর্ডিং এর প্রতি কৃতজ্ঞতা, এমন একটি কাজে আমায় যুক্ত করার জন্য।’
অন্যদিকে মৃদুভাষী বেলালের বক্তব্য এমন, ‘এসব অনুভূতি আসলে বলে বা লিখে বুঝানো যায় না। এটা অন্যরকম ভালোলাগা। কিংবদন্তি শিল্পীদের তৈরি এই গানগুলো নতুনকরে কণ্ঠে তোলা, শিল্পী হিসেবে সৌভাগ্যের বিষয়।’
বাংলাদেশের ব্যান্ড ‘এপিরাস’ অনেক দিন ধরেই বলিউডে কাজ করছে। কুড়াচ্ছে প্রশংসা। আতিফ আসলামের ‘জিন্দেগি’র সংগীতায়োজনে অ্যাডিশনাল প্রগ্রামিং, ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘বুদ্ধু সা মান’ গানের অ্যারেঞ্জ ও প্রগ্রামিং, মিকা সিংয়ে ‘ইশকাম’ গানের সংগীতায়োজন তাদের উল্লেখযোগ্য কাজ। এপিরাসের বর্তমান সদস্য আপন দুই ভাই শেখ সামি মাহমুদ ও শেখ শাফি মাহমুদ।
২০১৫ সালে ভারতের দুই সুপারহিট গায়ক-সংগীত পরিচালক আরমান মালিক ও আমাল মালিক ভাতৃদ্বয়ের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন এপিরাসের সামি ও শাফি।