মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় গানটি সম্পর্কে জানান দিতে এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে এসে গানটির ভিডিও দেখার পর বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বললেন, ‘খুবই চমৎকার একটি কাজ হলো। এ গান সব সময় নারী জাগরণের জন্য কাজ করবে। কারণ, এখানে নারী জীবনের সংকট আর সম্ভাবনা, দুটো বিষয়ই উঠে এসেছে। সব প্রতিবন্ধকতা দূর করে নারী এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেল এখন। ধন্যবাদ সুস্মিতা আনিসকে, এমন একটি গানের উদ্যোগ নেওয়ার জন্য।’
অনুষ্ঠানে নারী জাগরণ, নারীর অগ্রগতি, নারী জীবনের চ্যালেঞ্জসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে আগত অতিথিদের আলোচনায়। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন গানটির গীতিকার মাহমুদ খুরশিদ, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস, এলিটা করিম, কণা ও প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে গানটির ভিডিও দেখানো হয় উপস্থিত অতিথিদের সামনে। ভিডিওটি নির্মাণ করেছেন টিভিওয়ালা মিডিয়া (কলকাতা) টিম। নারী দিবসকে কেন্দ্র করে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে এ গানটি উন্মুক্ত হচ্ছে ৮ মার্চ, সুস্মিতা আনিস নামের ইউটিউব চ্যানেলসহ বেশক’টি ডিজিটাল প্ল্যাটফর্মে।