আবার একসঙ্গে জায়েদ-মালেক জুটি

জায়েদ খান ও মালেক আফসারীগত মাসে জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন শিগগিরই বড় একটা খবর দেবেন। সেটা এবার জানালেন এই নেতা ও নায়ক।
আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’র নায়ক-পরিচালক জায়েদ খান ও মালেক আফসারী আবারও জোট বাঁধলেন। আসছেন নতুন সিনেমা নিয়ে।
নতুন এ চলচ্চিত্রটির নাম ‘টেনশন’। আর এটি পরিচালকের ২৫তম ছবি।
জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোরবানির ঈদের আগেই চলচ্চিত্রটির কাজ শুরু করতে চাই।’
‘অন্তর জ্বালা’-তে জায়েদ খানের নায়িকা ছিলেন পরীমনি। এমনকি এ নায়িকার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী থেকে নির্মাণ করার কথা ছিল ‘ক্ষত’ নামের ছবি। এটি শেষ পর্যন্ত হয়নি। সেখানেও নায়ক হিসেবে চূড়ান্ত ছিলেন জায়েদ।
তাহলে ‘টেনশন’ ছবিতেও কি পরীমনি থাকছেন—এমন প্রশ্নে জায়েদ বলেন, ‘এখন চলচ্চিত্রটির পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। এটি শেষ হলে পরিচালক চরিত্র বাছাইয়ে বসবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’
জানা যায়, নতুন চলচ্চিত্রটির গল্প, কাহিনি ও সংলাপ নিয়ে কাজ করছেন পরিচালক মালেক আফসারী নিজেই। চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। এটি প্রযোজনায় থাকছেন জায়েদ খান নিজেই। তাই প্রযোজক ও পরিচালক জুটি হিসেবেও এটি তাদের দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে।