সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। চলচ্চিত্রটির নাম ‘৫৭০’।
চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। এতোদিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনও ইতিহাসনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তাকে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে এতে।
বাপ্পীর ভাষ্যে, ‘এটা অন্যরকম এক অনুভূতি। বাংলাদেশের স্থপতিকে নিয়ে নির্মিত এই ছবিতে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হলাম। আমি আমার সর্বোচ্চ আবেগ ও শ্রম ব্যয় করতে চাই এই কাজটির জন্য।’
২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। আজ (৩ অক্টোবর) থেকে ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে এর চিত্রনাট্য আমি নিজেই তৈরি করেছি। এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরবর্তী ৩৬ ঘণ্টায় কী কী ঘটেছিলো, সেই ঘটনা।’
চলচ্চিত্রটি বাস্তবায়নে নির্মাতার সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।