বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের কাছে এই কিংবদন্তি ও তার কর্মকে তুলে ধরতে হবে। তার মতো আলোকোজ্জ্বল মানুষকে অনুশীলন করতে পারলে সভ্যতা ও সংস্কৃতি উপকৃত হবে।
১৯২৫ সালে ৪ নভেম্বর ঢাকায় ঋত্বিক কুমার ঘটক জন্মগ্রহণ করেন। উপমহাদেশের প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) রাজশাহী হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।
মোমবাতি প্রজ্বালন এবং ধ্রুপদালোক রাজশাহীর উদ্বোধনী নৃত্যর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ড. এফএমএ জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ঋত্বিক ঘটকের বর্ণাঢ্য জীবনের চিত্র তুলে ধরেন। চলচ্চিত্র জগতে তার অবদানের কথাও বর্ণনা করেন। এর পাশাপাশি ঋত্বিক ঘটকের স্মৃতি সংরক্ষণের জন্যও দাবি জানান তারা।
ঋত্বিক কুমার ঘটকের এই ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়রপত্নী শাহীন আকতার রেনী।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড.সাজ্জদ বকুল, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।
প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।