অনলাইনে বশির আহমেদ সম্মাননা পদক

1b37a02b-79db-4738-a424-b792dea78d6cখ্যাতিমান সংগীতশিল্পী বশির আহমেদের ৮১তম জন্মদিন আগামীকাল, ১৮ নভেম্বর।
দিনটিকে ঘিরে গত বছরের মতো এবারও একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন তার দুই শিল্পী-সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির।
গেলো বছর ৮০তম জন্মদিনে তারা প্রবর্তন করেন ‘বশির আহমেদ সম্মাননা পদক’। তারই দ্বিতীয় আসর হচ্ছে এবার। তবে করোনাকালের কারণে সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে।
এবারের আসরে সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার (গীতিকার), সুজেয় শ্যাম (সুরকার), মিলন ভট্টাচার্য (যন্ত্রসংগীত), নিয়াজ মোহাম্মদ চৌধুরী (সংগীতশিল্পী), লিয়াকত আলী লাকী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও নঈম নিজাম (সাংবাদিকতা)।
গত বছর অনুষ্ঠানটি সরাসরি হলেও সংকটময় এই সময়ের কারণে অন্তর্জালের মাধ্যমে সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের দুই উদ্যোক্তা হোমায়েরা বশির ও রাজা বশির যৌথ বিবৃতিতে বলেন, ‘সম্মাননা পদক আগেই প্রাপ্য ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের সেই সম্মাননা গ্রহণের দৃশ্য এবং প্রতিক্রিয়ার অংশটুকু আমরা অনুষ্ঠানের সময় অনলাইনে দেখানোর উদ্যোগ নিয়েছি বুধবার।’
তারা জানান, অনুষ্ঠানের শুরুটা হবে বশির আহমেদের জন্মদিন স্মরণে সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় ভক্তিমূলক গান পরিবেশনা দিয়ে। এছাড়া অনুষ্ঠানের পর্বে পর্বে গান গাইবেন বাপ্পা মজুমদার, হোমায়েরা বশির, দিঠি আনোয়ার, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সোহেল মেহেদী, ইব্রাহিম খলিল ও মেসবাহ আহমেদ।
অনলাইনে বশির আহমেদ সম্মাননা পদকএছাড়া বশির আহমেদের সুরে হোমায়েরা, রাজা বশির এবং ইব্রাহিম খলিলের তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।
সারগাম সাউন্ড স্টেশন নামের ফেসবুক পেইজ থেকে ১৮ নভেম্বর রাত ৮টায় পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন সবাই। একই সঙ্গে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, আর টিভি, ডিবিসি টিভি এবং রেডিও ক্যাপিটালের ফেসবুক পেইজ থেকেও একই সময়ে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী বশির আহমেদ।