যেখানে তিনি দানিয়েলের জবানিতে তুলে ধরেছেন নিজেকে আর প্রেমিকারূপে হাজির করেছেন তায়েবাকে। ১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক সেই উপন্যাস এবার উঠছে রূপালি পর্দায়। আর তাতে প্রেমিকা তায়েবা চরিত্রে হাজির হচ্ছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসান।
শুটিং শেষ হলো গত বছরের শেষ দিকে। সেটি মুক্তির ছাড়পত্র পেলো চলতি মাসের ১৫ ডিসেম্বর। এদিন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে বোর্ড সদস্যরা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন বোর্ড সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে বিশেষ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। গত বছরের ২২ জুন থেকে এর শুটিং শুরু হয়েছে। এটাই প্রথম কোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। সে হিসেবে দুই বাংলা মিলিয়ে জয়া আহসানেরও প্রথম ত্রিমাত্রিক প্রযুক্তির ছবি এটি।
ছবিটি নির্মাণ প্রসঙ্গে হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, পুরো শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে।
মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশী লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে ‘অলাতচক্র’ চলচ্চিত্রে।
এতে দানিয়েল তথা আহমদ ছফার চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকেই।