করোনাভাইরাস পজিটিভ ফল নিয়ে বাসায় নিভৃতবাসে আছেন গুণী অভিনেতা-নির্মাতা-সংগঠক গাজী রাকায়েত।
৩১ মার্চ তার করোনা ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) গাজী রাকায়েত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বর আসায় ৩০ তারিখ নমুনা পরীক্ষা দিয়েছিলাম। গতকাল ফল পজিটিভ পেয়েছি। তবে ভালো বিষয় হলো, আজ হালকা কাশি থাকলেও অন্য কোনও খারাপ লক্ষণ নেই। তাই বাসাতেই নিভৃতবাসে আছি।’
জানালেন, বই পড়ে আর সিনেমা দেখে সময় কাটাচ্ছেন তিনি। সঙ্গে আগামীর নির্মাণ পরিকল্পনা তো রয়েছেই।
গত বছর ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি ছবি ‘গোর’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই।