ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান সাংগঠনিক নেতৃত্বের জন্য প্রশংসিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু’বারের নির্বাচিত এই সাধারণ সম্পাদক এবারের রোজাতেও অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন। বিতরণ করেছেন ইফতার সামগ্রী ও মাস্ক।
আজ (২৬ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) গেটের সামনে ২০০ রোজাদারের মাঝে এগুলো বিতরণ করেন তিনি।
জায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবারই আর্থিক সহায়তার পাশাপাশি রোজায় অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। গত কয়েক বছর অবস্থাবান শিল্পীরা এগিয়ে এসেছিলেন। কিন্তু এবার তেমন একটা সহযোগিতা পাচ্ছি না। তাই এককভাবেই যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম। ভবিষ্যতে আমার সিনিয়র ও সচ্ছল শিল্পীরা আরও এগিয়ে আসবেন বলেই আশা করি।’
সাংগঠনিকভাবে সব সময় জায়েদ খান শিল্পীদের পাশে থেকেছেন। বিশেষ করে করোনার প্রকোপ বাড়ায় গত বছর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণসহ নানা ধরনের উদ্যোগ নিতে দেখা গেছে এই শিল্পী নেতাকে। এমনকি জ্যেষ্ঠ শিল্পীদের পাশে দাঁড়িয়েও তিনি প্রশংসিত হয়েছেন। এবার নিজ উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ করলেন।
অন্যদিকে, সব প্রয়াত শিল্পী-কলাকুশলীদের রুহের মাগফিরাত ও অসুস্থদের রোগ মুক্তির জন্য এফডিসিতে প্রতিদিন ইফতার ও দোয়ার আয়োজন করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।