বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩১ মিনিট। সাদা গাড়ি বের হবে কাশিমপুর কারাফটকের ভেতর থেকে। চেষ্টা চললো অনেকক্ষণ ধরে!
একেবারে বজ্র আঁটুনি বাহুভেদ করে মাত্র ৩ ফিট পেরুতে সময় লেগে গেলো ৬ মিনিট। এরপর ভক্ত ও উৎসুক জনতা ঠেলে দূরে মিলিয়ে গেলো গাড়িটি।
এমন আগ্রহের মূলে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। তাকে একনজর দেখতেই মচ্ছব পড়ে যায় কারাফটকে। চলে যাওয়ার আগে চিত্রনায়িকা পরীমণি দিলেন ভালোবাসার সম্মান। গাড়ির সানরুফ খুলে মাথা উঁচিয়ে দাঁড়ালেন। অপেক্ষমাণ ভক্তদের বাড়িয়ে দেওয়া হাতে স্পর্শ করলেন, হাত নেড়ে জানালেন সম্ভাষণ। মাত্র কয়েক সেকেন্ডে যতটা পারলেন সবার সঙ্গে করমর্দন করলেন সদ্য মুক্তি পাওয়া এই নায়িকা। তুললেন সেলফিও। এসময় তার পরনে ছিল সাদা পোশাক ও মাথায় সাদা ওড়না।
এদিকে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করে কাাশিমপুর কারা কর্তৃপক্ষ।
মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে গাড়িতে পরীমণিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।
এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।