‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্র দিয়ে চমকে দেন তরুণ নির্মাতা রিয়াজুল রিজু। ঘরে তোলেন একসঙ্গে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার! তবে একজন অভিনেতা হিসেবেও তার দক্ষতা আছে। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন ‘২ ঘণ্টা ১০ মিনিট’ নামের একটি সিনেমাসহ কিছু ফিকশনে।
তবে এবার তিনি হাজির হচ্ছেন সিনেমার নায়ক হিসেবে। নাম ‘মধ্যবিত্ত’। এতে তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা এলিনা শাম্মি।
সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন দু’জনে। সিনে মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন তানভীর হাসান।
রিজু-শাম্মি ছাড়াও এতে অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক প্রমুখ।
পরিচালক তানভীর হাসান বলেন, ‘সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। যা দেখে আশাকরি দর্শকদের বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘‘করোনার আগে আমি ‘মধ্যবিত্ত’ সিনেমার মহরত অনুষ্ঠান করেছিলাম। কিন্তু লকডাউনের কারণে কাজ শুরু করতে পারিনি। এখন সার্বিক অবস্থা ভালো মনে হচ্ছে। তাই কাজটা শুরু করছি।’’
রিয়াজুল রিজু এ সিনেমায় কাজের প্রসঙ্গে বলেন, ‘গল্পটা শুনে আমার ভালো লেগেছে তাই রাজি হলাম। আমি আগে থিয়েটারে যুক্ত ছিলাম। তাই অভিনয়ের সাহসটা দেখালাম। আশা করছি দর্শকরা আমাকে ভালোবভাবে নেবেন। আমি তাদের মুগ্ধ করতে পারবো।’
পরিচালক জানান, আগামী মাসে মুন্সিগঞ্জ পদ্মার চরে বিভিন্ন লোকেশনে হবে ছবিটির শুটিং।
এদিকে রিজু অভিনীত প্রথম ছবি ‘২ ঘণ্টা ১০ মিনিট’ এরমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অপেক্ষায় মুক্তির। এর বাইরে রিজু করোনার আগে ‘দিদিমনি’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও সেটির আর অগ্রগতি নেই।