ঢালিউডের অন্যতম দুই তরুণ নায়িকা দীঘি ও পূজা চেরি পাস করলেও আশানুরূপ ফল আসেনি। তবে সেই বিচারে মিডিয়ার মান ভালোই রেখেছেন আরেক শিক্ষার্থী কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা।
মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ‘জিপিএ-৫’ পেলেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ- ২০১৫’ আসরের এই চ্যাম্পিয়ন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
পুষ্পিতা রাজধানীর সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন।
ফলাফল প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘উইলস লিটল ফ্লাওয়ার থেকে এসএসসি দিয়েছিলাম। সেখানে একটি বিষয়ের জন্য গোল্ডেন জিপিএ-৫ পাইনি। এবার তো সেই রেজাল্ট কাউন্ট হয়েছে। তাই এইচএসসি-তেও শুধু জিপিএ-৫ এসেছে।’
পড়াশোনার পাশাপাশি পুষ্পিতা নিয়মিত গানও প্রকাশ করছেন।
গান ও লেখাপড়া দুটো একসঙ্গে সামলানো কিছুটা কঠিন হলেও চেষ্টা ছিল বলেই সবকিছু সম্ভব হয়েছে বলে জানান পুষ্পিতা।
পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পুষ্পিতা বললেন, ‘আমার পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথম পছন্দ বুয়েট। এছাড়া দেশে যেসব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতেও চেষ্টা করবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছেই।’
গেলো মাসে ভালোবাসা দিবস সামনে রেখে ‘স্পর্শের বাইরে’ শিরোনামে তার সর্বশেষ মিউজিক ভিডিও প্রকাশ পায়। পুষ্পিতা জানান, তার আরও কিছু গানের রেকর্ডিং শেষ। একে একে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।