টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা এজাজের অপর পরিচয় তিনি একজন চিকিৎসক। ফি কম নেন বলে তাই অনেকে তাকে ‘গরিবের ডাক্তার’ বলেও ডাকেন। কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে।
এই চিকিৎসক-অভিনেতাকে আজ (১ মার্চ) সকালে পাওয়া গেলো সহকর্মীদের ডাক্তার হিসেবে। টিভি শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র উদ্যোগে প্রতি মাসের ১ তারিখে এই সেবা দিচ্ছেন ডা. এজাজ।
সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের তত্ত্বাবধানে অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে আজ থেকে শুরু হয়েছে এটা। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি আহসান হাবীব নাসিম।
তিনি বলেন, ‘আজ থেকে প্রতি মাসের ১ তারিখ ডা. এজাজ ভাই আমাদের সবাইকে ফ্রি চিকিৎসা সেবা দেবেন। আমরা নিয়মিত চেকআপের পাশাপাশি পরামর্শ ও অস্ত্রোপচার বা সার্জারি সম্পর্কিত সেবা পাবো তার কাছ থেকে। আগামীতে এজাজ ভাইয়ের সঙ্গে যুক্ত হবেন আরও কয়েকজন ডাক্তার। ডা. এজাজ ভাই অসম্ভব ভালো মানুষ। চিকিৎসা সেবার বিষয়টি তিনি দেখবেন বলে কথা দিয়েছেন।’
জানা যায়, অভিনয় শিল্পী সংঘ শুধু নিজেদের জন্য নয়; ক্যামেরা, লাইট, প্রডাকশন, মেকআপ ও পরিবহন কর্মীদের জন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যা ধীরে ধীরে সামনে আসবে।
এদিকে, আজ ডা. এজাজের কাছে চিকিৎসা সেবা নিয়েছেন ঊর্মিলা, নয়নসহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী। আগামীতেও মাসের প্রথম দিন সংঘের কার্যালয়ে বসবেন এই চিকিৎসক-অভিনেতা।