পরিচালকের টুইটে নড়বড়ে কপিলের আসন

এই মুহূর্তে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার নাম টুইটারে ট্রেন্ড করছে। তবে ইতিবাচক নয়, নেতিবাচকভাবে। কারণ তাকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা।

আর এর সূত্রপাত এক পরিচালকের আঙুল ধরে। ‘কাশ্মির ফাইলস’ ছবির নির্মাতা বিবেক অগ্নিহোত্রির  টুইটে একটি উত্তর থেকেই শুরু এই ট্রেন্ড। 
 
ঘটনাটা ছোট পর্দার জনপ্রিয় টক শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে। হালের প্রত্যেক পরিচালকই তার ছবির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সিনেমার প্রচার করতে হাজির হন এই শোয়ে। সেরকমই পরিচালক বিবেক অগ্নিহোত্রি তার ছবির জন্য কপিল শর্মার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পরিচালক ও তার টিমকে মনে ধরেনি কপিলের। অচেনা মুখ দেখে মুখফিরিয়ে নেন এই উপস্থাপক। 

বিবেকের দাবি, ছবিতে বড় স্টার না থাকার কারণেই তাকে ফিরিয়ে দিয়েছেন কপিল শর্মা।

হঠাৎ একটি টুইটে বিবেককে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন যে, ‘কাশ্মির ফাইলস’র টিমকে কপিল শর্মা শোয়ে দেখতে চায় তারা।  

এর উত্তরে বিবেক লেখেন, এই সময়ের বড় বাণিজ্যিক তারকা না থাকাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। 

একজন লিখেছেন, কপিল শর্মা শোয়ে তারা একসঙ্গে দেখতে চান মিঠুন চক্রবর্তী ও অনুপম খেরকে। উত্তরে অমিতাভ বচ্চনের একটি টুইট উল্লেখ করে বিবেক লেখেন, ‘গান্ধীজির কথা অনুযায়ী, ওরা রাজা আমরা গরিব মানুষ।’

ছবিটির টিমের একজন লেখেন, ‘আমি নিজেও ফ্যান কিন্তু এটা সত্যি যে কোনও বড় স্টার না থাকায় ওরা আমাদের ডাকেনি।’ 

এমন পক্ষপাতদুষ্ট আচরণে বেজায় চটেছেন নেটিজেনরা। শুরু হয়েছে টুইট। উঠে গেছে তা ট্রেন্ডিংয়ে। কেউ কেউ বয়কটের ডাক দিয়েছে কপিল শর্মা শোয়ের। যা অনুষ্ঠানটির টিভি চ্যানেল পর্যন্ত পৌঁছেছে।

এদিকে জানা যায়, আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘কাশ্মির ফাইলস’। 

সূত্র: জিনিউজ