লাগাতার ট্রোলিং, ক্ষমা চেয়ে সরে গেলেন অক্ষয়

ভারতীয় একটি পান মশলা প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকেই লাগাতার ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছিল অক্ষয় কুমারকে। অবশেষে বলিউড এ তারকা ক্ষমা চাইলেন। সরে গেলেন বিজ্ঞাপন থেকে। 

শাহরুখ খান, অজয় দেবগণের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই সেই সংস্থার শুভেচ্ছাদূত। তারপরও এই বিজ্ঞাপনী প্রচারের অংশ হওয়ায় অক্ষয় কুমারের ওপর ক্ষুব্ধ হয় নেটদুনিয়ার একটা বড় অংশ। অনুরাগীদের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়ে শুভেচ্ছাদূত থাকা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমাপ্রার্থনা করে অক্ষয় লেখেন, ‘আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার সমস্ত অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের কাছে। আপনাদের গত কয়েকদিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনোই করিনি এবং কোনোদিন করবো না, তবুও আমি বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়াটা আপনাদের ভাবনাকে আহত করেছে জেনে আমি দুঃখিত’।

অক্ষয় আরও লেখেন, ‘নম্রতার সঙ্গে আমি পিছিয়ে এসেছি। আমি সিদ্ধান্ত নিয়েছে ওই এনডোর্সমেন্ট থেকে প্রাপ্ত টাকা আমি একটা প্রয়োজনীয় কাজে দান করবো। সংস্থা ওই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে যতদিন পর্যন্ত আইনিভাবে আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আমি খুব সতর্ক থাকবো নিজের সিদ্ধান্তগুলো নিয়ে। পরিবর্তে, আমি শুধু আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা চাই’।

সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অজয় দেবগণ ‘বিমল ইউনিভার্স’-এ অক্ষয় কুমারকে স্বাগত জানাচ্ছেন। ক্ষতিকারক প্রোডাক্টের হয়ে প্রচার করছেন তাদের প্রিয় অভিনেতা, এই ভেবেই অক্ষয় ভক্তরা অভিনেতার ওপর রুষ্ট হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস