হিন্দি, তামিল ও বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে বহু কোটি মানুষের হৃদয়ে আসীন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন। মঙ্গলবার (৩১ মে) সবাইকে শোকে ভাসিয়ে ৫৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। কলকাতার নজরুর মঞ্চে গাইতে এসে অসুস্থ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শুধু ভারত নয়, শোকাস্তব্ধ বাংলাদেশের সংগীতপ্রেমীরাও। দেশের অনেক তারকাই তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলো তুলে ধরা হলো-
রুনা লায়লা:
কিছুক্ষণ আগে কেকে মারা যাওয়ার ভয়ংকর খবর শুনলাম। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার ৫০ বছরপূর্তি উদযাপনের আগের দিন প্রেস মিটে এই ছবিটি তোলা হয়েছিল, যেখানে কেকে গেয়েছিলেন।
আসিফ:
বিদায় কেকে। আপনার রাজকীয় গায়কির প্রতি শ্রদ্ধা। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি শোকাহত।
সাব্বির:
বিশ্বাসই হচ্ছে না ইন্ডিয়ার জনপ্রিয় শিল্পী কেকে মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করি।
শারমিন সুলতানা সুমি:
যাবো আমরা সবাই। কিন্তু একজন শিল্পীর জন্য এর চেয়ে সুন্দর মৃত্যু আর কী হতে পারে! কেকে, আপনার যত্নভরা গান দিয়ে যেমন আমাদের কৈশর কিংবা বর্তমানের রং পাল্টে দিয়ে গেছেন, তেমনই মায়ায়, আদরে থাকেন ওপারে। সৃষ্টিকর্তা সহায় হোন।