আমরা চাই না এমন মানহীন ছবি এই সময়ে মুক্তি পাক: মাহি

ঢালিউডে চলছে ধারাবাহিক সার্কাস! রাত পোহালেই যে ছবিটি মুক্তি পাচ্ছে, সেটির পরিচালক গণমাধ্যম ডেকে মাইক ভাড়া করে বললেন, ‘ছবিটি আমি ঠিকঠাক মতো বানাতেই পারিনাই!’ তার পাশে বসে নায়িকা বলছেন, ‘আমরা চাই না এমন মানহীন ছবি এই সময়ে মুক্তি পাক!’ 

এসময় পরিচালক-নায়িকার পাশে বসা ছিলেন নায়কও। 

ঘটনাটি ঘটলো বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নির্মাতা প্রশংসিত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের বাড়ির ছাদে; রাজধানীর মালিবাগে। উদ্দেশ্য, সরকারি অনুদান পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘আশীর্বাদ’ প্রসঙ্গে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করা। ছবিটি শুক্রবার (১৯ আগস্ট) মুক্তির কথা রয়েছে।

নির্মাতা মানিক বলেন, ‘‘এখন সিনেমার একটা জোয়ার চলছে। ‘পরাণ’, ‘হাওয়া’ হিট যাচ্ছে। দর্শক হলে ফিরছে। অথচ এই সময়ে আমার একটা ছবি মুক্তি পেলেও সেটি নিয়ে পজিটিভ কিছু বলতে পারছি না। একজন নির্মাতা হিসেবে এরচেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে?’’

তার অভিযোগ প্রযোজক জেনিফার ফেরদৌস চরম অসহযোগিতা করেছেন। তার ভাষ্যে, ‘‘যে সময়ে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’-এর মতো ছবি হচ্ছে, সেই সময়ে আমি মুক্তিযুদ্ধের সময়কার একটা জিপ পাইনি শুটিংয়ের জন্য। এটা আমার গল্পের ডিমান্ড ছিলো। আমি একটা গান প্রপারলি শুট করতে পারিনি। যা করেছি জোড়াতালি দিয়ে। এজন্যই বলছি, অনেক আশা নিয়ে শুরু করেও ছবিটা আমি ঠিকঠাক মতো বানাতেই পারিনাই।’’

এদিকে প্রযোজক ও ছবিটির বিরুদ্ধে নায়িকা মাহিয়া মাহির অভিযোগ আরও গভীর ও গুরুতর। তিনি বলেন, ‘‘যে সময়ে ‘পরাণ’, ‘হাওয়া’র মতো ছবি রিলিজ হয় তখন কেমন করে ২৫ লাখ টাকা বাজেটের যাচ্ছেতাইভাবে একটি ছবি রিলিজ হয়? এটা অনুদানের সিনেমা। সরকারি অনুদান কি ২৫ লাখ টাকা ছিলো? সরকার যে টাকা দিয়েছে সেটা কি এই ছবিতে খরচ করা হয়েছে? আমি হলফ করে বলতে পারি, ৬০ লাখ টাকা সরকার দিয়েছে, অথচ খরচ করেছে ২৫ লাখ। এমন অসংখ্য অভিযোগ রয়েছে আমাদের। এজন্যই ছবিটির সঙ্গে আমরা নাই। আমরা চাই না এমন মানহীন ছবি এই সময়ে মুক্তি পাক।’’

উক্ত সংবাদ সম্মেলনে ছবিটির প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে একইরকম অভিযোগ তোলেন নায়ক রোশান ও অন্য শিল্পী-কুশলীরা।

এদিকে অভিযুক্ত প্রযোজক আগেই রোশান-মাহিকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি ছবিটির প্রমোশন না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’

জানা গেছে, ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মাহি ও রোশানের কেউই নিজেদের ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ নিয়ে কোনও প্রচারণায়ও অংশ নিতে বিরত আছেন দুজনেই।