জানা গেছে, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের উদ্যোগে আলোচিত এ কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে ডিবির যুগ্ম কমিশনার মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এক বৈঠক করেন। মূলত সে বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত আসে।
এদিকে আয়োজক স্বপন চৌধুরীর সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের অনুরোধে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কনসার্ট হবে, এটুকু নিশ্চিত। কনসার্টের পরবর্তী তারিখ খুব শিগগিরই আমরা সবাইকে জানিয়ে দিবো। ফলে এরমধ্যে অনুষ্ঠানের টিকেট যারা সংগ্রহ করেছেন তাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।’
প্রসঙ্গত, বলিউডের কাপুর পরিবারের মেয়ে এবং পতৌদির নবাব পরিবারের বউ কারিনা কাপুর খানের এটাই বাংলাদেশে প্রথম সফর হওয়ার কথা ছিল।
কনসার্ট বাতিল হওয়ায় হতাশ কারিনা
ঢাকায় কনসার্ট বাতিল হওয়ার খবরে কারিনা কাপুর খান এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে আমাদের দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু জানিয়েছেন, কারিনা এ খবর শুনেছেন এবং এতে তিনি হতাশা প্রকাশ করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারিনার একজন ব্যক্তিগত সহকারী বাংলা ট্রিবিউনকে জানান, ‘এইমাত্র উনি খবর পেয়েছেন পুলিশের আপত্তিতে বাংলাদেশের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কেন এই সিদ্ধান্ত, কোথায় অসুবিধা ছিল, সে সব বিস্তারিত না জেনে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে খবরটা তো ভীষণ খারাপ লাগার মতোই!’
কারিনা কাপুরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @KareenaK_FC তেও বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে টুইট করে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। কিন্ত বেশ রাত পর্যন্ত সেখানেও কারিনার কোনও মন্তব্য চোখে পড়েনি।
বৃহস্পতিবার দিনটা অবশ্য বেশ ধকলেই কেটেছে কারিনার। আর বালকি-র নির্মীয়মান ছবি ‘কি অ্যান্ড কা’-র জন্য সারা দিন মুম্বাইতে সহঅভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে একটা লম্বা ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন তিনি। ওই ফটোশ্যুটের জন্য একটা সাদা ওয়েডিং ড্রেস পরে নানা ছবি তুলেছেন – তার কিছু কিছু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও পড়েছে।
শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে সরাসরি মুম্বাই থেকেই ঢাকায় আসার কথা ছিল কারিনার। কিন্তু এখন সেই গোটা প্ল্যানটাই পণ্ড।
কারিনার সহকারীরা জানিয়েছেন, ম্যাডাম এখন ঢাকার কনসার্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
/এমএম/এজে/