বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত বিয়েটা হতে যাচ্ছে নতুন বছরের শুরুতেই। একজন হিন্দি সিনেমার এই সময়ের সেনসেশনাল অভিনেত্রী; আরেকজন অভিনেতা হিসেবে অনেক আগে থেকেই সফল। যদিও শোনা গিয়েছিল, চলতি ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন তারা। তবে সর্বশেষ খবর হলো, বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে জানুয়ারিতে নিয়েছে এই জুটি।
বলা হচ্ছে, বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। জীবনের নতুন অধ্যায় তারা জমকালো আয়োজনে শুরু করবেন। এজন্য মুম্বাই (কিয়ারার জন্মস্থান) ও দিল্লি (সিদ্ধার্থের জন্মস্থান) দুই শহরে হবে বিয়ের আয়োজন। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে চলছে আলোচনা। যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিড-কিয়ারা পরিবারের সদস্যরা।
একটি সূত্র জানিয়েছে, বিয়ের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মূল আনুষ্ঠানিকতা হতে পারে চণ্ডিগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস’-এ। এটি ভারতের অন্যতম বিলাসবহুল রিসোর্ট। বিশাল জায়গা নিয়ে গঠিত এই রিসোর্টেই তারকাযুগলের চার হাত এক হবে।
বিয়ের পর মুম্বাইতে একটি জমকালো রিসিপশনের আয়োজন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা।
এদিকে কিয়ারা আদভানি বর্তমানে রয়েছেন নিউজিল্যান্ডে। সেখানে তিনি দক্ষিণী তারকা রাম চরণের সঙ্গে একটি সিনেমার শুটিং করছেন। অন্যদিকে সিদ্ধার্থ সম্প্রতি ‘যোদ্ধা’ ছবির শুটিং শেষ করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে