রণবীরের মুখোমুখি আলিয়া!

ছিলেন প্রেমিক-প্রেমিকা, এরপর হয়েছেন স্বামী-স্ত্রী। এর ফাঁকে জুটি বেঁধেছেন সিনেমায়ও। ‘ব্রহ্মাস্ত্র’ নামের সেই সিনেমা গেলো বছর মুক্তি পেয়ে হয়েছে সুপারহিট। হ্যাঁ, তারা রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে তাদের একসঙ্গে চলার গল্পটা সবার জানা।

তবে এবার রাস্তা নিয়েছে ইউটার্ন! এবার পাশাপাশি নয়, বরং মুখোমুখি স্বামী-স্ত্রী। কারণ একই দিন মুক্তি পাচ্ছে রণবীর ও আলিয়ার ভিন্ন দুটি ছবি। তারিখটি হলো আগামী ১১ আগস্ট।

প্রথমবারের মতো হলিউডের সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। টম হ্যারপার নির্মিত ‘হার্ট অব স্টোন’ নামের সেই ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন গ্যাল গ্যাডট ও জেমি ডরনানের মতো তারকাকে। বুধবার (১৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে ছবিটির একটি ক্লিপ শেয়ার করেন আলিয়া। সেই সঙ্গে জানান মুক্তির তারিখ।

‘হার্ট অব স্টোন’র দৃশ্যে আলিয়া ভাটঅন্যদিকে রণবীর কাপুরের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’ আগে থেকেই ১১ আগস্টে মুক্তির ঘোষণা দিয়ে রেখেছে। ‘কবির সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার পরিচালনায় ছবিটিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। মারকাট অ্যাকশনে ভরা ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে কিছুদিন আগে। যেখানে রণবীরের লুক দেখে চমকিত হয়েছে ভক্তরা।

‘অ্যানিমেল’র ফার্স্ট লুক পোস্টারে রণবীর কাপুররণবীর-আলিয়ার এই মুখোমুখি হওয়া অবশ্য বক্স অফিসে প্রভাব ফেলবে না। কারণ ‘হার্ট অব স্টোন’ মুক্তি পাবে নেটফ্লিক্সে; আর ‘অ্যানিমেল’ দেখা যাবে প্রেক্ষাগৃহে। ফলে একই তারিখে মুক্তি পেলেও ছবি দুটির বাণিজ্যিক সাফল্য নির্ভর করছে কনটেন্টের ওপর। তবে ছবি ও তারকাদ্বয়ের অভিনয়শৈলির তুলনা যে হবে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।  

উল্লেখ্য, গেলো বছরের এপ্রিলে বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরপর নভেম্বরে তারা বাবা-মা হন। বর্তমানে রণবীরের হাতে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নামের আরেকটি ছবি আছে। যেটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ। অপরদিকে আলিয়া ভাটের ঝুলিতে রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এটি মুক্তি পাবে ২৮ এপ্রিল।

সূত্র: নিউজ১৮