ডিবি অফিসে ববি: শায়লা মিটস হারুন!

আলোচিত পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান হারুন অর রশীদের আতিথেয়তায় মুগ্ধ চিত্রনায়িকা ববি। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় তারই প্রতিচ্ছবি প্রকাশ করলেন সোশ্যাল হ্যান্ডেলে।

যেখানে ডিবি প্রধান হারুনের অফিসে তোলা চারটি ছবি প্রকাশ করেন নায়িকা। ক্যাপশনে লিখে রাখেন, শায়লা মিটস হারুন! এটুকু স্পষ্ট, সেদিন আসলে ডিবি প্রধানের সঙ্গে ববি দেখা করতে যায়নি, গিয়েছে মুক্তিপ্রতীক্ষিত ‘পাপ’ সিনেমার চরিত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিবি) শায়লা!

হারুনের সঙ্গে এই সাক্ষাৎ কিংবা মুগ্ধতা প্রকাশ প্রসঙ্গে ববি বলেন, ‘হারুন ভাই আমাদের জন্য বরাবরই বিশেষ একজন মানুষ। তার সততা ও দেশের জন্য ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বরাবরই তার আতিথেয়তা এবং সহযোগিতায় মুগ্ধ হই।’

জানা গেছে, রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন ববি। ধারণা করা হচ্ছে এই ঈদে ববির মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘পাপ’-এর প্রচারণার অংশ হিসেবেই সেখানে গিয়েছিলেন। হতে পারে কোনও ভিডিও বার্তা সংগ্রহ করেছেন এই কর্মকর্তার কাছ থেকে। যদিও ববি বলেছেন, এটা ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ।

‘পাপ’-এ ববিসৈকত নাসিরের পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাপ’ সিনেমায় ববি ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেন। ইতোমধ্যে ছবির টিজার, ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। যেখানে ডিবি পুলিশ কর্মকর্তার চরিত্রে ববির উপস্থিতি নজর কেড়েছে।

ডিবি অফিসে যাওয়া প্রসঙ্গে ববি বলেন, ‘‘মূলত একটা কাজে যাচ্ছিলাম। পথে হারুন ভাইয়ের সঙ্গে দেখা করে গেলাম। হারুন ভাইকে জানিয়েছি, ‘পাপ’ সিনেমায় আমি সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তার দিক থেকে ছবির প্রমোশন চেয়েছি, ট্রেলার দেখিয়েছি। তিনি দেখে খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন। তিনি এও বলেছেন, আমাকে এই চরিত্রে অনেক মানিয়েছে। এটুকুই।’’

‘পাপ’-এ আরও অভিনয় করেছেন রোশান, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা প্রমুখ।ববি হক