শত জল্পনা-কল্পনা, দ্বিধা-সংশয় আর পক্ষ-বিপক্ষের আলোচনার ঝড় পেরিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে ঢুকে পড়লো হিন্দি সিনেমা। আজ শুক্রবার (১২ মে) মুক্তি পেলো শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।
তথ্যটি নিশ্চিত করেছেন ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি জানালেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে।
ক’দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাংলাদেশের সেন্সর বোর্ড ‘পাঠান’র ওপর কাঁচি চালিয়েছে। অর্থাৎ ছবিটির কিছু অংশ কর্তন করা হয়েছে। কিন্তু অনন্য মামুন সেন্সর ছাড়পত্রের ছবিসমেত নিশ্চিত করলেন, এটি বিনা কর্তনেই সার্টিফিকেট পেয়েছে। ফলে ছবির মূল দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট ১৬ সেকেন্ডের পুরোটাই বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন।
উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। আর বিশেষ চমক হিসেবে আছেন সালমান খান। ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছে।