মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস মারা গেছেন। সোমবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, ট্রিট উইলিয়ামস একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একটি এসইউভি (গাড়ি) মোড় নিতে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ট্রিট উইলিয়ামসের পরিবার থেকে বলা হয়েছে, ‘আমরা এই সময়ে অত্যন্ত মর্মাহত ও শোকাহত। ট্রিট তার পরিবারকে সবসময় ভালোবেসেছে। নিজের জীবন এবং কাজকেও ভালোবাসতো।’
১৫ বছর ধরে উইলিয়ামসের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ব্যারি ম্যাকফারসন। তিনি তাকে ‘সবচেয়ে সুন্দর মানুষ এবং মেধাবী’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, মাকফারসনের মতে, ‘তিনি অভিনেতাদের অভিনেতা ছিলেন।’
২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘এভারউড’র কেন্দ্রীয় অভিনেতা ছিলেন। দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন উইলিয়ামস।