সব জল্পনা-কল্পনা পেরিয়ে সরকারের বিশেষ সিদ্ধান্তে অবশেষে ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বলিউডের সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান অভিনীত সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিল।
সে হিসাবে ১২ জুন ছবিটি বাংলাদেশে মুক্তির এক মাস পূর্ণ করলো। প্রথম সপ্তাহে ৪১ হলে রোজ ২০৬টি শো চললেও এক মাসের মাথায় চলতি সপ্তাহে সেই শোয়ের সংখ্যা নেমে আসে ৪২-এ। সেটিও এক অর্থে বিস্ময়কর। কারণ, বাংলাদেশের অনেক আগেই বলিউডসহ বিশ্বের শতাধিক দেশে ছবিটি মুক্তি পেয়েছিল। এমনকি প্রকাশ হয়েছিল আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমেও। ফলে অনেকেই ধারণা করেছিল শাহরুখ খানের এই আগমন মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
এক মাসের শো সংখ্যা এবং ‘বক্স অফিস’র হিসাব বিবেচনায় সেই ধারণা ভুল প্রমাণ করলো আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
‘পাঠান’ বাংলাদেশে মুক্তির সুবাদে দ্য কনটেন্ট স্পেশালিস্ট নামের একটি সার্ভার বা ‘বক্স অফিস’ তৈরি হয়। যার মাধ্যমে গত এক মাসে ‘পাঠান’ ছবির টিকিট বিক্রির তথ্য মিলেছে বাংলা ট্রিবিউন-এর কাছে। যেখান থেকে জানা গেছে, এক মাসে ‘পাঠান’-এর টিকিট বিক্রি হয়েছে দুই কোটি ৭ লাখ টাকার মতো। বিষয়টি ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুনও নিশ্চিত করেছেন।
মামুন বলেন, ‘প্রথমত ছবিটি প্রায় সবাই দেখে ফেলেছেন, বাংলাদেশে মুক্তির আগেই। তবু আমাদের বিশ্বাস ছিল হলে গিয়ে বড় পর্দায় আবারও ছবিটি দেখবেন দর্শকরা। এক মাসের মাথায়, বক্স অফিসের হিসাব এবং শোয়ের সংখ্যা সেটাই প্রমাণ করে। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এই ফলাফলে। তবে অনুমতি আরও আগে পেলে, ফলাফল আরও বেশি হতে পারতো।’
সেটা না হয় হবে, কারণ খবর মিলছে ঈদের পরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকবেন বলিউডের ভাইজান। এন ইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল কিবরিয়া লিপু নিয়ে আসছেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। ২১ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। যা এরমধ্যে বক্স অফিস আয় করেছে ১৮২ কোটি রুপি।
তবে সালমান দেশে আসার আগে শাহরুখের হিসাব বাকি রয়েছে আরও খানিক। এক মাসে ‘পাঠান’-এর বক্স অফিস সেল ২ কোটি ৭ লাখ হলেও ঈদের আগেই (ঈদে বিদেশি ছবি প্রদর্শন নিষেধ) সেটি পৌঁছাবে ২ কোটি ২০ লাখে। কারণ, এখনও ছবিটির রোজ শো চলছে ৪২টি করে। কিন্তু এর পুরোটাই তো আর আমদানিকারকের ঘরে ঢুকবে না। ভাগ হবে হল মালিকদের সঙ্গে। সে হিসাবে অনুমান করা যায়, আমদানিকারক ঘরে তুলবেন ন্যূনতম ৫০ লাখ।
তবে আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানালেন বিস্ময়কর তথ্য। যদিও তথ্যগুলো একেবারেই মৌখিক। মামুন বলেন, ‘ছবিটি যেহেতু অনেক আগেই মুক্তি পেয়েছিল, ওটিটিতেও প্রকাশ হয়েছিল, এরমধ্যে পাইরেসিও হয়েছে; ফলে অনেক কম দামেই আমরা আমদানি করতে পেরেছি। মাত্র ১০ হাজার ডলারে (প্রায় ১৩ লাখ টাকা) ছবিটি এনেছি।’
তার মানে, এটুকু অনুমান করা যায় বক্স অফিস থেকে হল মালিকদের দিয়ে ৫০ লাখ পেলে, ‘পাঠান’ আমদানিকারক প্রতিষ্ঠান একমাসে লাভ করছে ন্যূনতম ৩০ লাখ টাকা। মন্দ কি!
এদিকে শাহরুখ খান যুদ্ধ শেষে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে অনন্য মামুন এবার মাঠে নামছেন দেশের দুই বড় তারকা শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে। এরমধ্যে শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন সিনেমা, এর জন্য নায়িকা আমদানি করছেন ভারত থেকে। শুটিং করবেন সেপ্টেম্বর থেকে। তার আগেই, এই ঈদে আরেক যুদ্ধে যুক্ত হচ্ছেন আফরান নিশোকে নিয়ে।
এবার দেখার পালা, ‘পাঠান’র পর দেশের প্রথম ছবিটির হিসাব কতটা মেলে ‘বক্স অফিস’ থেকে।