বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে একটি ব্যতিক্রম আয়োজন হতে যাচ্ছে। যেটাকে বলা হচ্ছে, মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং ২১ জুন সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তারা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি এবং বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়াঁস ফ্রঁসেজ, গ্যাটে ইন্সটিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস ) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল এবং আইএম এক্সপোর্ট লিমিটেড।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘জলের গান’র গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।