বাবা-মেয়ে এক সিনেমায়!

বলিউড বাদশাহর মেয়ে, সুতরাং তার সিনেমায় আসা অনুমেয় বটে। সেই অনুমান বাস্তবে পরিণত হয়েছে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে। জয়া আখতার নির্মিত ছবিটি নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় আছে। 

বলা হচ্ছে সুহানা খানের কথা। প্রথম সিনেমা মুক্তির আগেই চমকপ্রদ খবর এলো তার সম্পর্কে। নতুন একটি সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। যেখানে থাকবেন তার বাবা শাহরুখ খানও। আর ছবিটি পরিচালনা করবেন ‘কাহানি’, ‘বদলা’র মতো নন্দিত থ্রিলার ছবির নির্মাতা সুজয় ঘোষ। 

ছবি সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, “শাহরুখ খান ও সুজয় ঘোষ একসঙ্গে কাজ করেছিলেন প্রযোজক-পরিচালক হিসেবে; ‘বদলা’ ছবিতে। সেই সূত্রেই ফের এক হচ্ছেন। এটি একটি অ্যাকশন-থ্রিলার ছবি এবং ছবিটি নিয়ে নির্মাতা সুজয় ঘোষও এক্সাইটেড।”

ওই সূত্রের মতে, নাম চূড়ান্ত না হওয়া ছবিটি শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পাশাপাশি পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রতিষ্ঠান মারফিক্স সহ-প্রযোজনা করবে। ফলে ছবিটিকে আন্তর্জাতিক মানে তৈরির সব রকম প্রস্তুতি নিচ্ছেন তারা। 

ধারণা করা হচ্ছে, সুজয় ঘোষের এই ছবিতে শাহরুখকে সুহানার অভিভাবক কিংবা পরামর্শকের ভূমিকায় দেখা যেতে পারে। যেমন দেখা গিয়েছিল ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে। বর্তমানে ছবির প্রি-প্রডাকশনের কাজ চলছে পুরোদমে।

উল্লেখ্য, শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ‘পাঠান’ সিনেমায়। গেলো ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি রেকর্ড পরিমাণ আয় করেছে। আপাতত তিনি ব্যস্ত আছেন ‘জাওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা নিয়ে। এরমধ্যে সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘জাওয়ান’। এছাড়া সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায়ও বিশেষ চরিত্রে হাজির হবেন কিং অব রোমান্স। 

সূত্র: পিঙ্কভিলা