নায়ক হিসেবে তিনি যতটা জনপ্রিয়, ব্যক্তি হিসেবে ততটাই প্রশংসিত। তার বিনয়ী আচরণের ভক্ত বলিউডের নির্মাতা-প্রযোজক-শিল্পী সবাই। তার প্রাসাদ মান্নাতে কেউ এলে তাকে বিদায় দিতে একেবারে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন, এমনকি সেই গাড়ির দরজা পর্যন্ত নিজ হাতে খুলে দেন। অথচ তিনি বলিউডের বেতাজ বাদশাহ! হিন্দি সিনেমার বৈশ্বিক আইকন শাহরুখ খান।
বলা হয়, বৃক্ষ যত বড় হয়, তত নুয়ে আসে। শাহরুখ খান যেন সেই কথার শ্রেষ্ঠ নজির। সাফল্যের চূড়ায় থেকেও জুনিয়র শিল্পী-নির্মাতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন তিনি। যেটার প্রমাণ মিলল আবারও।
গত ১০ জুলাই প্রকাশ হয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘জাওয়ান’র প্রিভিউ। এটি নির্মাণ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সফল নির্মাতা অ্যাটলি কুমার। অভিনয়েও আছেন দক্ষিণের বিজয় সেথুপতি, নয়নতারার মতো তারকা। প্রকাশ্যে আসার পর থেকেই প্রিভিউটি বিপুল সাড়া পাচ্ছে। ইতোমধ্যে সব প্ল্যাটফর্ম মিলিয়ে এর ভিউ ছাড়িয়েছে ১১২ মিলিয়ন!
মঙ্গলবার (১১ জুলাই) টুইটারে অ্যাটলি কুমারের উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘স্যার! এত সাড়ার পেছনে আপনিই আসল মানুষ। সব কিছুর জন্য ধন্যবাদ। লাভ ইউ অল।’
শুধু নির্মাতা অ্যাটলিকে নয়, সহশিল্পী বিজয় সেথুপতিকেও ‘স্যার’ বলে সম্বোধন করেছেন কিং অব রোমান্স। তার উদ্দেশে শাহরুখের বার্তা, ‘স্যার, আপনার সঙ্গে কাজ করা সম্মানের। শুটিং সেটে আমাকে কিছুটা তামিল ভাষা শেখানো এবং সুস্বাদু খাবারগুলোর জন্য ধন্যবাদ। লাভ ইউ নানবা (তামিল ভাষায় বন্ধু)।’
উল্লেখ্য, ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সুনীল গ্রোভার, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনিসহ অনেকে। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস