জনি লিভারের কণ্ঠে বাংলা গান!

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা জনি লিভার। মূলত কমেডি ঘরানার অভিনয়ে তাকে কিংবদন্তি বিবেচনা করা হয়। চার দশকের ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নন্দিত এই অভিনেতার অঙ্গভঙ্গি কিংবা হাস্যরসে ভরা সংলাপ মুহূর্তেই দর্শকের মুখে হাসি ফুটিয়ে দেয়।

হঠাৎ জনি লিভার সম্পর্কে এত কথা বলার কারণ, ভারতীয় এই শিল্পীর মুখে শোনা গেলো বাংলা গান! অবাক করার মতো ঘটনাটি ঘটেছে লন্ডনে। বিষয়টা খোলাসা করা যাক তবে।

বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান বসবাস করেন লন্ডনে। সেখানেই জনি লিভারের সঙ্গে তার দেখা হয়। সেই সূত্রে অভিনেতা একটি বাংলা গান গেয়ে শোনান, যেটা ভিডিও ধারণ করে বুধবার (১২ জুলাই) নিজের ফেসবুক রিলসে প্রকাশ করেছেন রুবাইয়াত।

জনি লিভারের গাওয়া গানটির লাইনগুলো এরকম, ‘তুমি যদি বন্ধু থাকো উদাসী, সকালের ফুল হবে বিকালে বাসি/ অচেনা পাখি উড়িয়া আসিবে, বসিবে যৌবন ডালে/ পিরিত জমে না জমে না, জমে না সই, মন যদি মনে তে না মেলে/’।

জনি লিভারের সঙ্গে রুবাইয়াত জাহানখোঁজ নিয়ে জানা গেলো, এটি মূলত গায়ক সাধন মণ্ডলের গান। ‘পিরিত জমে না জমে না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কমল রায়। যদিও বেশ পুরনো গান, তবে বছর পাঁচেক আগে ‘বেঙ্গলি গীতি কিরণ’ নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়েছে।

এদিকে রুবাইয়াত জাহানের সোশ্যাল হ্যান্ডেল ঘেঁটে দেখা গেলো, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছে। রয়েছে সখ্যও। সম্প্রতি স্ত্রীসহ লন্ডনে ঘুরতে গেছেন জনি লিভার। তাদের সঙ্গে পারিবারিক আড্ডায় মজেছেন রুবাইয়াত। এছাড়া সম্প্রতি একটি অনুষ্ঠানের সূত্রে সুপারস্টার আমির খানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার।

আমির খানের সঙ্গে রুবাইয়াত জাহান (কালো পোশাক) মূল গানটি: