এবারও ব্যর্থ সালমান খানের বাংলা সফর!

দেশের ছবি কম, ব্যবসাও নেই- এমন অজুহাতে হিন্দি সিনেমা আমদানির জন্য উঠে-পড়ে লেগেছিলেন হল মালিকেরা। নানা তোড়জোড়ের পর অবশেষে সরকারি অনুমোদন মেলে। সেই সুবাদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি ছবি ‘পাঠান’। শাহরুখ খানের এই ছবি গত ১২ মে মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া পেয়েছিল। অগ্রিম টিকিট বিক্রি থেকে শুরু করে হাউজফুল শো কিংবা হলের ভেতরে ভক্তদের উল্লাস, সবই দেখা গিয়েছিল। সেই সুবাদে বলাবলি হচ্ছিল, বাংলাদেশে হিন্দি সিনেমার বাজার মন্দ নয়।

কিন্তু দ্বিতীয় সিনেমাতেই হোঁচট খেলো বলিউড। শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। মাল্টিপ্লেক্সগুলোর টিকিট প্ল্যাটফর্ম ঘেঁটে এবং একাধিক হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেলো, বাংলাদেশে মোটেও সুবিধা করতে পারছেন না ভাইজান। 

গেলো রোজার ঈদে ভারতে মুক্তি পায় এই সিনেমা। দুর্বল গল্প, নির্মাণ ও অতি-অভিনয়ে ভরপুর সিনেমাটি দর্শক-সমালোচক কারও মন জয় করতে পারেনি। যার ফলে ফ্লপের খাতায় নাম লেখায়। সেই ফ্লপ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে মাস দুয়েক আগে। ফলে বাংলাদেশের অধিকাংশ সালমান ভক্তও এটি দেখে ফেলেছেন।

স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন ১৮টি শো প্রদর্শিত হচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু শনিবার (২৪ আগস্ট) তাদের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, অধিকাংশ শো-ই প্রায় ফাঁকা পড়ে আছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা একেবারেই চলছে না। অবশ্য ছবিটা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। এক দিকে পুরনো ছবি, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর ভারতেও তো চলেনি ছবিটি। সুতরাং এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই ছবি!’

ঢাকার লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ অন্যান্য হলগুলোর অবস্থাও একই। সিলভার স্ক্রিনের এক কর্মকর্তা জানালেন, তাদের হলেও সালমান খানের ছবিটি দেখার জন্য দর্শক আসছে না। কারণ হিসেবে তিনিও ‘ফ্লপ এবং পুরনো ছবি’ বললেন অকপটে।

অবশ্য সালমান খানের কয়েকজন ভক্ত একত্রিত হয়ে প্রথম দিন ছবিটি দেখেছেন। নায়ক-নায়িকার ছবি সম্বলিত বড় ব্যানার নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন এবং ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ‘ট্রল সালমান খান হেটারস’ শীর্ষক একটি গ্রুপ থেকে এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগেও বাংলা সফরে ব্যর্থ হয়েছিলেন সালমান খান। সেটা ২০১৫ সালের ঘটনা। ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তার সুপারহিট সিনেমা ‘ওয়ান্টেড’। কিন্তু প্রত্যাশিত সাড়া পায়নি। এর মধ্যে ঢালিউডবাসীর আন্দোলনের মুখে হিন্দি সিনেমার প্রবেশপথেই তালা পড়ে যায়। সেই তালা খুলেছে গত এপ্রিলে।  

সালমান খানের কয়েকজন ভক্ত একত্রিত হয়ে প্রথম দিন ছবিটি দেখেছেনউল্লেখ্য, প্রায় ২২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি মোটে ১১০ কোটি ৫৩ লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ ১৮২ কোটি রুপি। অর্থাৎ বক্স অফিস থেকে বাজেটের টাকাও তুলতে পারেনি ছবিটি। ব্যর্থতার সেই ধারা অক্ষুণ্ণ রইলো বাংলাদেশেও।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।