প্রত্যেকবার মুম্বাইয়ের নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন সালমান খান। জন্মদিন হোক বা ঈদের উৎসব, সালমানের ব্যালকনির সামনে তার ভক্তদের ঢল নামে এসব বিশেষ দিনে। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন ভাইজানকে একটা ঝলক দেখার জন্য। কিন্তু সেই ব্যালকনির রূপ বদলে গেছে। অভিনেতা সেখানটায় লাগিয়েছেন বুলেটপ্রুফ গ্লাস।
এই বছর ঈদে সালমানের ব্যালকনিতে দেখা গেল একেবারে আলাদা ছবি। বুলেটপ্রুফ কাচের আড়ালে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন।
কিন্তু কেন বুলেটপ্রুফ গ্লাস লাগিয়েছেন সাল্লু ভাই, এ নিয়েও জল্পনা কম হয়নি। অনেকে ভেবেছেন, বেশ কয়েকবার হত্যার হুমকি পাওয়ার কারণেই এই বাড়তি সাবধানতা। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, তার বাড়ির ব্যালকনিতে প্রায়ই তার ভক্তরা উঠে পড়ার চেষ্টা করেন। তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য অনেকেই তার বাড়ির ভেতর পৌঁছানোর চেষ্টা করেন।
এই অভিনেতা বলেন, ‘যদি বুলেটপ্রুফ কাচ না লাগাতাম, একদিন সকালে উঠে দেখতাম, বাড়ির ব্যালকনিতে লোকে শুয়ে ঘুমাচ্ছে!’
বলা প্রয়োজন, কিছুদিন আগেই সালমান খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক মহিলা। অভিনেতার পরিচিয় দিয়ে তিনি একেবারে তার ঘরের দরজায় চলে আসেন ও বেল বাজান। তবে সময়টা মধ্যরাত ছিল বলে সালমানের বাড়ির কেউ সেই সময়ে দরজা খোলেননি। পরে সেই মহিলাকে গ্রেফতার করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মহিলা দাবি করেছিলেন, সালমান তার পরিচিত ছিলেন এবং তাকে তার বাড়িতে দেখা করতে আসতে বলেছিলেন। তবে সালমানের মতে, সেই মহিলার দাবি ছিল ভিত্তিহীন।
তবে এই বুলেটপ্রুফ কাঁচ লাগানোই অনুরাগীদের থেকে যেন সালমানের দূরত্ব আরও খানিকটা বাড়ল। তার শেষ সিনেমা ‘সিকান্দার’-এর শুটিং করেছেন কড়া নিরাপত্তা বলয়ে। এমনকি ছবির প্রচার ও কাটছাঁট করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল তার সমস্ত পাবলিক অ্যাপিয়ারেন্স। আর এবার, বাড়ির ব্যালকনি থেকেও সরাসরি অনুরাগীদের সামনে আসা বন্ধ করলেন এই অভিনেতা।
সূত্র: বলিউড হাঙ্গামা








