জাওয়ান: টিকিটের দাম ১১০০ রুপি, ১৫ মিনিটেই শেষ!

মুক্তির এখনও ১০ দিন বাকি। অথচ এখনই ছবিটি ঘিরে উন্মাদনা চরমে। অবশ্য ছবি যখন শাহরুখ খানের, তখন এমনটা স্বাভাবিক বটে। কিন্তু অগ্রিম টিকিট নিয়েও এমন কাড়াকাড়ি অবস্থা, সচরাচর দেখা যায় না; যেমনটা দেখা যাচ্ছে ‘জাওয়ান’ সিনেমার ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে ইতোপূর্বে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সিনেমাটির। খবর মিলেছে, সেসব দেশে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে। ভারতে আরও কয়েক দিন পর শুরু হবে এই প্রক্রিয়া।

তবে ছোট পরিসরে মুম্বাইয়ের থানে এলাকার কিছু প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়। বিস্ময়কর ব্যাপার হলো, মাত্র ১৫ মিনিটেই সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে! দর্শক এতোই উন্মুখ হয়ে আছে যে, একেকটি টিকিট ১১০০ রুপি দিয়ে কিনেছেন।

এদিকে শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় দেড় কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ইতোপূর্বে। যা যেকোনও হিন্দি সিনেমার অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড। মুক্তির আগেই এই অংকটা যে আরও মোটা হবে, তা বলাই বাহুল্য। 

এর আগে গত জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমার ক্ষেত্রেও রেকর্ড গড়েছিলেন শাহরুখ খান। মুক্তির আগে ভারতে ছবিটির পাঁচ লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছিল। সেই রেকর্ড এবার ‘জাওয়ান’ দিয়ে ভাঙবে কিনা, তা আরও কিছু দিন পরই বোঝা যাবে। 

গেলো ২২ আগস্ট ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘জাওয়ান’। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৯ মিনিট। ফলে এর মুক্তিতে আর কোনও বাধা নেই। 
উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে ‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করলেন কিং খান। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

সূত্র: ইন্ডিয়া টুডে