১৯ বছরের ছোট হয়েও শাহরুখের ‘মা’, কারণ জানালেন অভিনেত্রী

আসছে নভেম্বরে ৫৮ বছরে পা রাখবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আপাতত ৫৭ শরৎ পার করছেন তুমুল সাফল্যের মধ্য দিয়ে। অথচ সেই শাহরুখের মায়ের ভূমিকায় অভিনয় করলেন তার হাঁটুর বয়সী এক অভিনেত্রী। যার বয়স মোটে ৩৮!

ব্যতিক্রম এই ঘটনা ঘটলো সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাওয়ান’ সিনেমায়। যেটা বিশ্বব্যাপী বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। এই ছবিতেই শাহরুখের পালক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋধি ডোগরা। তিনি জানালেন, বয়সে অনেক ছোট হয়েও শাহরুখের মায়ের চরিত্রে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

ঋধির সাফ কথা, ‘আমার মনে হয় না, শাহরুখ খান ছাড়া অন্য কোনও তারকার জন্য আমি বৃদ্ধ বয়সী চরিত্রে কাজ করতাম! হ্যাঁ, অবশ্যই এই চরিত্রে একটা অনিরাপত্তা (ক্যারিয়ারের জন্য) ছিল; কিন্তু শাহরুখ খানের ছবিতে কাজের লোভ সামলাতে পারিনি। তবু এমন চরিত্রের জন্য এটা উপযুক্ত সময় কিনা, আমার এটা করা উচিত কিনা, শুটিংয়ের পুরোটা সময় জুড়েই আমার মনে এসব চিন্তা ছিল।’

ঋধি ডোগরাশাহরুখের মায়ের চরিত্রে ঋধিকে দেখে তার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘দেখুন, আমার পরিবার আমার ক্যারিয়ার ও কাজ উপভোগ করার জন্য আছে, কোনও আদেশ-উপদেশ দেওয়ার জন্য নয়। যখন আমি শুটিংয়ে ছিলাম, তারা সবাই আমাকে খোঁচাতো; কারণ আমি শাহরুখ খান বলতেই পাগল! সেখানে তার মায়ের চরিত্রে কাজ করা কিছুটা দুঃখজনক, কেননা আমি ১০ বছর বয়স থেকেই তার প্রেমে পড়ে আছি।’

বলা প্রয়োজন, ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানিয়া মালহোত্রা প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলেছে ছবিটি। মাত্র চার দিনেই এর বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ৫২০ কোটি রুপি।

সূত্র: বলিউড লাইফ