বাড়িটির সামনে একটি চালতা গাছ। সময়ের আঘাতে মলিন হয়ে গেছে রঙ। ক্ষয়ে গেছে অনেক কিছু। সেই জীর্ণ বাড়িটিকে যেন দ্বাররক্ষীর মতো পাহারা দিচ্ছে চালতা গাছটি। এই গাছের ছায়ায় হয়তো তিনি দাঁড়াতেন, পাতার ফাঁকে খুঁজতেন পাখির সুর। কারণ একটা জীবন সুরের খেয়া বাইতে বাইতেই যে কাটিয়ে দিলেন।
বাড়ি লাগোয়া সড়ক। বড়জোর বিশ-পঁচিশ হাতের ব্যবধান। সড়কের ওপারেই কবরস্থান। যেখানে আম-কাঁঠালের ছায়ায় শুয়ে আছে শিল্পীর মা-সহ কত কত মানুষ। জীবন থেকে মৃত্যুর দূরত্ব যেন এই একটি সড়ক। আর সাদি মহম্মদ সেই সড়ক পাড়ি দিলেন তানপুরা বাজাতে বাজাতে বুধবারের (১৩ মার্চ) সন্ধ্যায়, সবার অলক্ষ্যে। ইফতার সেরে বসেছিলেন রেয়াজে। কে জানতো, জীবনে শেষবারের মতো তানপুরায় সুর তুলছিলেন তিনি! তানপুরার বিষণ্ণ সুরেই ডুব দিয়েছিলেন অনন্তযাত্রায়। স্বেচ্ছামৃত্যুর হাত ধরে।
জানাজা ও দাফনের জন্য যখন সাদি মহম্মদের মরদেহ নিয়ে যাওয়া হয় রাস্তার ওপারে মসজিদে; তখন তার বাড়ির সামনে গান ধরেন শিল্পীরা। সাদির সংগীতসঙ্গী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে কণ্ঠ মেলান রবীন্দ্রসংগীতের আরও কয়েকজন শিল্পী। যিনি আজীবন রবীন্দ্রচর্চায় নিবিষ্ট ছিলেন, তাকে রবির সুরে বিদায় জানানোর চেয়ে সুন্দর কী হতে পারে! সমবেত কণ্ঠে, বিষাদের সুরে তারা গাইলেন ‘তোমারও অসীমে প্রাণমন লয়ে, যত দূরে আমি ধাই/ কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই’।
প্রায় সকলের মুখেই সাদি মহম্মদ সম্পর্কে একটি বাক্য শোনা যায়, ‘তিনি অত্যন্ত সহজ-সরল আর নম্র মানুষ ছিলেন’। তার শেষযাত্রায় এসে জ্যেষ্ঠ কণ্ঠশিল্পী খুরশিদ আলম বলেন, ‘সাদি যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাই। শিল্পীরা একটু অভিমানী হয়। তবে সেই অভিমান থেকে নিজেকে এভাবে শেষ করে দেওয়ার মানে হয় না। আমরা একজন কিংবদন্তিকে হারালাম। আগামী একশ বছরেও তার অপূর্ণতা ঘুচবে না। মানুষ হিসেবে সাদি খুব সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। আমার ৭৯ বছর বয়স, এই দীর্ঘ জীবনে তার মতো সহজ মানুষ আমি দেখিনি।’
উল্লেখ্য, মোহাম্মদপুরের তাজমহল রোডেই সাদি মহম্মদের জন্ম ও বেড়ে ওঠা। রবীন্দ্রসংগীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তিনি। রবিঠাকুরের গানে তার মূল পরিচিতি হলেও আধুনিক গানেও ছিলেন অনন্য। তার কণ্ঠে বহু রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাকে দেখে, শুনে এই সুরের জগতে এসেছেন অসংখ্য শিল্পী। যারা নিজ নিজ পরিচয়ে উজ্জ্বল, সফল। জীবদ্দশায় চ্যানেল আই থেকে আজীবন সম্মাননা ও বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এই শিল্পী। কিন্তু কোনও রাষ্ট্রীয় পুরস্কার জোটেনি তার দীর্ঘ, বর্ণাঢ্য সংগীত জীবনে।
ছবি: কামরুল ইসলাম