ভারতে পাঞ্জাবি গানের জনপ্রিয়তা বরাবরই চড়া। তবে আন্তর্জাতিক পর্যায়ে সেই জনপ্রিয়তার নতুন সংজ্ঞা তৈরি করছেন দিলজিৎ দোসাঞ্জ। বলা চলে, রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন তিনি। এমন সব কনসার্ট করছেন দিলজিৎ, যা যেকোনও শিল্পীর জন্যই স্বপ্নের মতো।
সেই ধারাবাহিকতায় এবার অনন্য এক নজির গড়লেন তিনি। কানাডার এক স্টেডিয়ামে কনসার্ট করে বুঝিয়ে দিলেন, স্বপ্ন আর দৃঢ় চেষ্টায় কতটা সফল হওয়া যায়। শনিবার (২৭ এপ্রিল) রাতে কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে কনসার্ট করেছেন দিলজিৎ। যেখানে প্রায় ৫৪ হাজার দর্শকের সমাগম ঘটেছিল।
ইন্ডিয়া ডটকম বলছে, ভিনদেশে এর আগে কোনও পাঞ্জাবি গায়কের কনসার্টে এত বেশি দর্শকের আগমন হয়নি। সেক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করলেন দিলজিৎ দোসাঞ্জ। এর মাধ্যমে বিশ্বদরবারে পাঞ্জাবি গানের দারুণ উপস্থিতির জানান দিচ্ছেন এই শিল্পী।
দ্য স্টেটসম্যান-এর রিপোর্ট অনুযায়ী, দিলজিতের এই কনসার্ট উপভোগ করতে উত্তর আমেরিকার দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন ভক্তরা। যেমনটা সাধারণত পশ্চিমা তারকা টেইলর সুইফট, বিয়ন্সেদের ক্ষেত্রে দেখা যায়। কনসার্টটির টিকিটের মূল্য ছিল যথাক্রমে ৪৮২ ডলার ও ৭১৩ ডলার।