মা দিবস

তারকাদের মা ভাবনা

অনেকে বলেন, মাকে ভালোবাসতে কোনও দিবসের প্রয়োজন নেই। চিরন্তন কথাটি বিশ্বাসও করেন সবাই। তবু বছরের একটি দিন যদি ঘটা করে মাকে ভালোবাসা জানানো হয়, তাতে ক্ষতি কী! হ্যাঁ, সেই দিন আজ। মে মাসের দ্বিতীয় রবিবার (১২ মে) বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে মা দিবস। 

সময়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার, তাই মাকে ঘিরে অধিকাংশের শুভেচ্ছা-বার্তা অন্তর্জালেই ঠাঁই পাচ্ছে। ব্যতিক্রম নন তারকারাও। তারাও নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেলে মায়ের সঙ্গে ছবি পোস্ট করছেন, ভালোবাসা জানাচ্ছেন নিজের ও পৃথিবীর সব মাকে।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার মায়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেলো, নায়িকার সাফল্যের সুবাদে তার মা একটি সম্মাননা পাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘মা দিবসে আমার মা রত্নগর্ভা পুরস্কার পাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। মা দিবসের শুভেচ্ছা।’

নায়িকা অপু বিশ্বাস তার মায়ের দুটি স্থিরচিত্র পোস্ট করেছেন ফেসবুকে। যার একটিতে তার মায়ের সঙ্গে রয়েছেন নানী। ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘মা বলতেন, তার চোখে বিশ্বসুন্দরী তার মা। আর আমি বলতাম, আমার চোখে বেশি সুন্দরী তুমি, মা।’

টিভি কুইন খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার মায়ের সঙ্গে এক হালি ছবি শেয়ার করেছেন অনুসারীদের সঙ্গে। আর বলেছেন, ‘আমাদের পরিবারের হৃদয় তিনি। মা দিবসের শুভেচ্ছা মাম্মা।’ 

অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস আমার মা। গান, নাচ, আর্ট, পড়ালেখাসহ ভালো মানুষ হওয়ার জন্য আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। পৃথিবীর সব মাকে জানাই বিশ্ব মা দিবসে শুভেচ্ছা।’

সংগীত তারকা ইমরান মাহমুদুলও তার মায়ের সঙ্গে তোলা দুটি ছবি ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘পৃথিবীর সব মা ভালো থাকুক। হ্যাপি মাদারস ডে।’

নির্মাতা আশফাক নিপুণ শুভেচ্ছা জানিয়েছেন তার মা ও শাশুড়ির সঙ্গে তোলা দুটি ছবির মাধ্যমে। যেগুলোতে তার স্ত্রী গায়িকা এলিটা করিমও উপস্থিত। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘অনন্য সুন্দর এই দুজন মাকে মা দিবসের শুভেচ্ছা। আমাদের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমাদের।’

মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। আর বললেন, ‘পৃথিবীর সব মায়ের জন্য ভালোবাসা। শুভ আম্মু দিবস। ধন্যবাদ তোমাদের মা, আল্লাহ তোমাদের সহায় হোন।’    

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মায়ের যৌথ ছবি পোস্ট করে। তার বার্তা এরকম, ‘মা দিবসের শুভেচ্ছা জানাই আমার আম্মুকে। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের দুজনকে একসাথে সবচেয়ে বেশি ভালো লাগছে।’ 

উল্লেখ্য, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ধীরে ধীরে এটি বিশ্বের অন্যান্য দেশেও স্বীকৃতি লাভ করে।