শোবিজে তার পথচলার শুরু ছোটবেলায়। মডেলিং থেকে অভিনয় সবেতেই নিজের মেধা-সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। যার ফলে প্রবাসে স্থায়ী হওয়ার পর থেকে দর্শক তাকে মিস করে বরাবরই। তিনি মোজেজা আশরাফ মোনালিসা।
অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন মোনালিসা। সম্প্রতি ফিরেছেন দেশে। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। তবে নির্মাতারাও তার সঙ্গে যোগাযোগ করছেন নতুন কাজের জন্য। মোনালিসা জানিয়েছেন, তিনিও কাজ করতে চান। যদি গল্প-আয়োজন সব পছন্দসই হয়।
দেশে ফেরা ও কাজে ফেরার সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মনখুলে কথা বলেছেন মোনালিসা। সেখানেই আলাপে আলাপে জানান, প্রথম প্রেমের প্রস্তাবের স্মৃতি। মোনালিসার ভাষ্য, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’
নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।