ভারতজুড়ে বইছে আম্বানির পরিবারের বিবাহ উৎসব। হলিউড-বলিউড তো বটেই, টলিউড থেকেও গিয়েছে একঝাঁক! এমন ভোজবাজির ভেতরে অনেকটা চুপচাপ সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম মায়াবতী সোহিনী সরকার। বেছে নিলেন প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে।
সোমবার (১৫ জুলাই) কলকাতার এক ফার্মহাউজে অনেকটা আয়োজনহীন বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে টু-শব্দটি করেননি নব দম্পতি। জানাননি বিয়ের মেনু থেকে ভেন্যু। এরমধ্যেই চুপচাপ সেরে নিলেন বিয়ের আনুষ্ঠানিকতা।
সোমবার রাতে বিয়ের ছবি সোশ্যালে শেয়ার করেন শোভন ও সোহিনী। ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে। একই সাথে একই ঘরে।’ তবে কি পরিচয়-প্রেমের বর্ষপূর্তির দিনেই বিয়ে করলেন দু’জনে!
সোহিনী-সৌরভের বিয়ের আসরে টলিউডের তেমন কোনও কর্তা বা তারকার দেখা মেলেনি। দেখা মিলেছে সৌরভ দাস, দর্শনা বণিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশীস রায়দের।
বছরখানেক আগেই প্রেমটা হয়েছিল সোহিনী আর শোভনের। ঠিক তার আগে কাছাকাছি সময়ে ব্রেকআপ হয় দুজনের জীবনে! সোহিনীর সঙ্গে ভেঙেছিল রণজয়ের সম্পর্ক। আর শোভনের বিচ্ছেদ হয় স্বস্তিকা দত্তের সঙ্গে।
সূত্র: হিন্দুস্তান টাইমস