ঢাকার লা গ্যালারিতে ৪ দেশের ১০ জন আলোকচিত্রী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘বিয়ন্ড দ্য গেজ’ শীর্ষক দলীয় প্রদর্শনীর। এর উদ্বোধন হয় বৃহস্পতিবার, ২৯ আগস্ট। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন চারটি দেশের ১০ জন আলোকচিত্রী। তারা হলেন আশিমা রাইজাদা, যতীন গুলাটি, রিতিকা শর্মা, কুঙ্গা তাশি লেপচা, রিনোশান সুসিমন, অনিরুদ্ধ সরকার এবং আরশাদুল হক রকি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মোস্তফা জামান এবং সমালোচক মঈনুদ্দিন খালেদ।
 
‘বিয়ন্ড দ্য গেজ’ প্রদর্শনীটি ছয় মাসব্যাপী একটি কর্মশালার অংশ। যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার তরুণ আলোকচিত্রীরা। কর্মশালাটি যৌথভাবে পরিচালনায় ছিলেন সৌম্য সরকার বোস (ভারত), আশফিকা রহমান (বাংলাদেশ) এবং সম্পাদনা করেছেন তানভি মিশ্রা (ভারত)।

অন্যতম পরিচালক আশফিকা রহমান জানান, এই কর্মশালায় অংশগ্রহণকারীদের একটি ব্যাপক আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। যেখানে আলোকচিত্রকে একটি সামাজিক হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে। কর্মশালাটি অন্য একটি নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের চেষ্টা করেছে, যা তাদের নিজস্ব এবং পারস্পরিক সহযোগিতামূলক বর্ণনার অনুসন্ধানের প্রতি নিবেদিত ছিল। অংশগ্রহণকারীদের একটি নতুন আখ্যান তৈরি করার চ্যালেঞ্জ দেওয়া হয়, যা শুধুমাত্র তথ্য সংরক্ষণ নয়, বরং সম্ভাবনার গভীর উপলব্ধি এবং সমগ্র সম্প্রদায়কে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে।

এই প্রদর্শনীতে শিল্পীরা জীবনের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস, রাষ্ট্রীয় কাহিনি, গল্প, পৌরাণিক কাহিনি এবং সম্মিলিত স্মৃতির মাধ্যমে এই আকর্ষণীয় বিষয়গুলো অনুসন্ধান করেছেন।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা সূত্র জানায়, প্রদর্শনীটি চলবে ২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত, প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত।