এক্সপ্রেসোর এক সাক্ষাতকারে কৃতি স্যানন খোলাখুলি আলোচনা করেছেন, কীভাবে বলিউডে বাইরের মানুষ হয়েও, কোনও প্রভাবশালী পরিচিতি ছাড়াও নিজের পায়ের তলায় মাটি জোগাড় করেছেন। তবে এরজন্য তাকে নিতে হয়ে লম্বা সময় এবং বেশ কিছু সিনেমার সাহায্য।
২০২৩ সালে একের পর এক বক্স অফিস ব্যর্থতার পর ২০২৪ সালে কৃতি স্যানন নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। এ বছরের মুক্তিপ্রাপ্ত তার দুটি সিনেমা— ‘তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া’ এবং ‘ক্রু’— বাণিজ্যিকভাবে সফল হয়েছে। ‘ক্রু’, যেখানে তিনি টাবু ও কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। ২০২৪ সালের তৃতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এটি। আর বিজ্ঞান-কল্পকাহিনি-ভিত্তিক রোমান্টিক কমেডি ‘তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া’, যেখানে শহিদ কাপুর ছিলেন সহ-অভিনেতা। আয়ের বিচারে চতুর্থ স্থানে রয়েছে এটি।
কৃতি এখন প্রস্তুতি নিচ্ছেন তার তৃতীয় সিনেমা ‘দো পাত্তি’ মুক্তির জন্য।
‘‘আমার প্রথম ব্রেক পেতে খুব বেশি সময় লাগেনি। ‘হিরোপান্তি’ সিনেমার সময় টাইগারকে সবাই চিনত। এটি তার বলিউডে অভিষেক সিনেমা হিসেবে ধরা হলেও পরিচালক-প্রযোজক আমাদের দু’জনকেই পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রয়াস হিসেবে দেখেছিলেন। আমিও সেই চিরাচরিত বলিউড নায়িকার মুহূর্ত পেয়েছিলাম—গান, নাচ সবকিছুই ছিল।” শুরু প্রসঙ্গে কৃতি বলেন।
তিনি আরও জানান, ‘বেরেলি কি বারফি’-ই ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানোর মুহূর্ত, যখন দর্শকরা তাকে তার নিজস্ব পরিচয়ে চিনতে শুরু করে।