দেশের ভিন্ন-মাত্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’ স্থান পেয়েছে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে। ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’ নামের এই উৎসবের অফিশিয়াল কম্পিটিশনে থাকছে সিনেমাটি।
ছবিটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ। এটিই তার প্রথম নির্মাণ। তারচেয়ে বড় বিষয় এর গল্প বলার ধরন।
অনুপ জানান, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মূলত একজোড়া জুতার গল্প। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলতে পারত এবং তার শেষ পরিণতি কী হয়, সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এ সিনেমায় কোনও মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। এই শুটিংয়ে অংশ নেয় কনক খন্দকারের পা ও জুতো। আর গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
৬ আগস্ট শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’, রাশিয়ার মস্কোতে এটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। উৎসবের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের ঢাকাই জুতোর গল্পটি।
নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনও কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’
‘সোল মেট’-এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে, যার দুটিই রাজধানীতে। এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ) সিজন ওয়ান–এ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
‘সোল মেট’–এর গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর, সহকারী সিনেমাটোগ্রাফার ফজলে রাব্বী।