দেশের ইতিহাসের হিট টিভি সিরিজ ও সিক্যুয়েল-এর তালিকায় অন্যতম নাম হয়ে থাকবে নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ারের নাম। কারণ তার হাত ধরেই সৃষ্টি হয়েছিলো ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ।
এমন আরও অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়। নির্মাণ করে মুক্তি দিয়েছেন পরীমণিকে নিয়ে আলোচিত সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা ছুটেছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত।
সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে। যেখানে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের ঘটনা উঠে আসবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
ধারাবাহিকটি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (৩০ জুলাই) থেকে পুবাইলে শুরু হয়েছে শুটিং। আগস্টের মধ্যে পঞ্চাশ পর্বের কাজ শেষ করার প্ল্যান আছে। এরপর দর্শক চাহিদা বিবেচনায় নিয়ে পর্বের সংখ্যা বাড়ানো হবে। দর্শক চাইলে পরবর্তীতে আরও ৫০ পর্বের শুটিং করবো।’
কারা কারা এখানে কাজ করছেন জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘আমি এত বছর ধরে যাদের নিয়ে কাজ করেছি তাদের কেউ এখানে নেই। তেমন কোনও পরিচিত মুখ নেই। বলা যায়, একদমই নতুন ছেলে-মেয়েরা কাজ করছেন। তারা খুব ভালো কাজ করবেন বলেই আমার আত্মবিশ্বাস।’
জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।
বলা দরকার, ধারাবাহিকে ফেরার আগে অরণ্য আনোয়ার নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সে বিষয়ে এখনই বলতে নারাজ তিনি।
এর আগে মোশাররফ করিমসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে অরণ্য আনোয়ার নির্মাণ করেছিলেন ৩১২ পর্বের টিভি সিরিজ ‘ফুল এইচডি’। এটি সাত বছর আগে সম্প্রচার হয়েছিলো মাছরাঙা টিভিতে।