আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। সেই সূত্রে ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এটিএন ফোক ক্লাব’ নামের অনু্ষ্ঠানটি।
এরিমধ্যে বেশকিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন।
শিগগিরই এফডিসিতে গানের দৃশ্যায়নের কাজ শুরু হবে। এতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি কাজল আরিফের গান ‘কেমন ভালোবাসো’। গানটি নতুন আঙ্গিকে করা হচ্ছে।
এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘আমি এটিএন ফোক ক্লাবে দুটি গানে কণ্ঠ দিয়ে খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত।’
মান্নান মোহাম্মদ বলেন, ‘এটিএন বাংলা সব সময় সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। আজকাল ফোক গান নিয়ে বিভিন্ন আয়োজন চোখে পড়ে। যেখানে আধুনিকায়ন করা হয়। অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম গানগুলোর শিকড়ের স্বাদ অক্ষুণ্ণ রেখে দেশিয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সাহায্যে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণায় আর দেরি করিনি। আজকাল অনেকেই দেখা যায় গান গাইতে না পেরেও গাইছে। বিষয়টি উচিত নয়। আমার এখানে এর কোনও সুযোগ নেই। যারা প্রকৃত শিল্পী তারাই সুযোগ পাচ্ছেন।’
বলে রাখা ভালো, দেশের অন্যতম তরুণ কণ্ঠশিল্পী কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশ হয় ২০১৩ সালে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এরমধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো’ এবং ন্যানসির সঙ্গে দ্বৈত ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।