প্রথমবারের মতো কোনও পডকাস্টে অংশ নিয়েছেন একুশে পদকে ভূষিত, বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন।
মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৮ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বটি প্রচার হবে ২০ সেপ্টেম্বর রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরবর্তীতে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনর্বিবেচনা করেন। যদিও শেষ পর্যন্ত এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকরই হয়েছে।
চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ‘ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে।’
ভীষণ ইতিবাচক মানুষ আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনও কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই। কৃতজ্ঞতার সাথে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করে না। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করে না। কিছু মানুষ জীবন কাটায়, জীবন তাদের ভাবায় না। আমরা কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই।’
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।