টেইলর সুইফট আবারও ভেঙে দিলেন রেকর্ড। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী—সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির পর মাত্র পাঁচ দিনেই ৩.৫ মিলিয়ন ‘ইকুইভ্যালেন্ট অ্যালবাম ইউনিট’ বিক্রি হয়েছে। এর মাধ্যমে তিনি অ্যাডেলের দশ বছর আগের ‘২৫’ অ্যালবামের রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, অ্যালবামের অতিরিক্ত ‘এক্সক্লুসিভ’ সংস্করণ প্রকাশের কারণেই এই রেকর্ড সম্ভব হয়েছে।
মাত্র পাঁচ দিনে অ্যাডেলের ‘২৫’ অ্যালবামের ক্রেতা সংখ্যার রেকর্ড ভেঙেছেন টেইলর সুইফট। বিলবোর্ড জানিয়েছে, এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে সমালোচকরা অভিযোগ করছেন, সুইফট ইচ্ছাকৃতভাবে রেকর্ড ভাঙার উদ্দেশ্যে অ্যালবামের বিপুল সংখ্যক সংস্করণ প্রকাশ করেছেন। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের প্রচারে তিনি অ্যাপল ও গুগলের মতো টেক জায়ান্টদের সঙ্গে অংশীদারিত্ব করেছেন এবং প্রকাশ করেছেন দুই ডজনেরও বেশি এক্সক্লুসিভ ভার্সন। সে কারণেই অ্যাডেলের রেকর্ড সহজেই টপকাতে পেরেছেন টেইলর।জানা গেছে, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময় অ্যালবামের ২৩টি ভিন্ন সংস্করণ ছিল—যেগুলোতে আলাদা কভার আর্ট, কবিতা, ভয়েস মেমো এবং অ্যাকোস্টিক ট্র্যাকের মতো এক্সক্লুসিভ কনটেন্ট অন্তর্ভুক্ত ছিল। বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত সেই সংখ্যা প্রায় ৩০-এ পৌঁছায়।
কিছু সংস্করণ ছিল সীমিত সময়ের জন্য—যেমন ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ (ডিলাক্স: এলোন ইন মাই টাওয়ার অ্যাকোস্টিক ভার্সন) শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য আইটিউনসে পাওয়া গেছে। আবার কিছু সংস্করণ নির্দিষ্ট রিটেইলারদের জন্য এক্সক্লুসিভ ছিল—দুটি ভার্সন শুধুমাত্র আইটিউনসে, আর কিছু সিডি ও একটি ভিনাইল সংস্করণ শুধুমাত্র টার্গেটে বিক্রি হয়েছে।
অনেক সমালোচক মনে করছেন, এই ধরনের বিপণন কৌশল ভক্তদের প্রতি চালাকি, শোষণমূলক এবং অতিভোগবাদকে উৎসাহিত করছে।
২.৬ মিলিয়ন—এটাই ছিল সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর প্রথম সপ্তাহের বিক্রির সংখ্যা, যা তখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ ছিল।
‘দ্য লাইফ অব আ শোগার্ল’ সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম। গত আগস্টে তিনি এই অ্যালবামের ঘোষণা দেন এবং পরে তার বাগদত্তা ট্রাভিস কেলসি পরিচালিত স্পোর্টস পডকাস্ট ‘নিউ হাইটস’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে এর বিস্তারিত জানান। অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে এবং দ্য নিউ ইয়র্ক টাইমস একে বলেছে ‘সুইফটের সচেতনভাবে পপ সংগীতে ফিরে আসা’।
সূত্র: ফোর্বস ও বিলবোর্ড